রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র, ধ্বংসাবশেষে ক্ষতিগ্রস্ত স্কুল-ক্লিনিক
সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর এর ধ্বংসাবশেষের কিছু অংশ পড়ে একটি স্কুল ও একটি মেডিকেল ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেসামরিক স্থাপনা ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সৌদি কর্তৃপক্ষের দাবি, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবকে লক্ষ্য করে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান-সমর্থিত হুথিরা। বৃহস্পতিবারের ঘটনার কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনি সামরিক জোট জানায়, রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি এবং খামিস মুশাইত লক্ষ্য করে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
এর আগে বুধবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই হামলায় তিনজন নিহত এবং ৩৬ জন আহত হন।
সূত্র: আরব নিউজ
Comments