গণপরিবহনের বিশৃঙ্খলা নিরসনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্টদের বৈঠক
ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা আরও কার্যকর ও শৃঙ্খলাবদ্ধ করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি, সড়কে নিরাপত্তা জোরদার এবং গণপরিবহন খাতে বিদ্যমান নানা অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করার উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও বৈঠকে অংশ নিয়েছেন।
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক ব্যবস্থাপনা আরও উন্নত করার বিষয়ে বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
Comments