দিল্লিতে পাঁচতলা ভবন ধস, বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা
ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় পাঁচ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে ঘটা এই দুর্ঘটনায় বেশ কয়েকজন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) বেশ কয়েকটি ইউনিট। বর্তমানে সেখানে জোরেশোরে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, ধসে পড়া ভবনটির চারপাশে স্থানীয় বহু মানুষ জড়ো হয়েছেন এবং নিজ উদ্যোগেই অনেকে কংক্রিটের বড় বড় খণ্ড সরিয়ে উদ্ধারের পথ তৈরির চেষ্টা চালাচ্ছেন।
দুর্ঘটনাটিকে কেন্দ্র করে রাজধানী দিল্লির ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি জরুরি বার্তা দেওয়া হয়েছে। সেখানে সীমাপুরি গোলচত্বর, ডিএলএফ ভোপুড়া এবং সংলগ্ন সড়কগুলো এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
জরুরি উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে ট্রাফিক পুলিশ সাধারণ মানুষের প্রতি কিছু নির্দেশনা জারি করেছে:
-
ঘটনাস্থলের আশপাশে ভিড় না করা।
-
নির্ধারিত এলাকার কাছাকাছি গাড়ি পার্কিং থেকে বিরত থাকা।
-
পুলিশ প্রশাসনের নির্দেশনা ও ট্রাফিক সিগন্যাল কঠোরভাবে মেনে চলা।
উল্লেখ্য, এর আগে গত মাসে দিল্লির সত্য নিকেতন এলাকায় আরেকটি ভবন দুর্ঘটনায় সাতজন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছিল। ঘনবসতিপূর্ণ ও পুরোনো এই শহরটিতে একের পর এক ভবনধসের ঘটনায় সার্বিক নিরাপত্তা ও তদারকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
Comments