ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩ জন মারা গেছেন। এছাড়া সিটি করপোরেশনের বাইরে খুলনা বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
নতুন রোগী ভর্তি
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪০১ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এছাড়া খুলনা বিভাগে ৩০৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩ জন, বরিশাল বিভাগে ২১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন, রাজশাহী বিভাগে ১০৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৮ জন, রংপুর বিভাগে ৬৬ জন এবং সিলেট বিভাগে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই (দুই সিটি করপোরেশনসহ) মারা গেছেন ১২৩ জন।
এছাড়া খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, বরিশাল বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
Comments