পিএসসির সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পরও ৪৯তম বিসিএসের (বিশেষ) শিক্ষা ক্যাডার থেকে বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজনৈতিক পরিচয়ের কারণে সরকারি চাকরিতে কারও প্রতি কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পিএসসি থেকে মোট ৬৬৫ জনকে সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে তিনজন প্রয়োজনীয় সনদ জমা দিতে না পারা এবং আটজন মেডিকেল পরীক্ষায় অংশ না নেওয়ায় প্রজ্ঞাপনের জন্য সংখ্যা দাঁড়ায় ৬৫৭ জনে। এর মধ্যে ইতোমধ্যে ৬১১ জনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাকি থাকা ৪৬ জনের প্রসঙ্গে তিনি বলেন, 'নিয়োগপত্র ইস্যুর জন্য প্রজ্ঞাপন জারির নির্ধারিত প্রক্রিয়া ও সময় রয়েছে। এই ফাইল রাষ্ট্রপতি পর্যন্ত নথিভুক্ত হতে হয়। আগামী সোমবার বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারির দিন নির্ধারিত আছে। সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করব।'
সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রার্থীর আত্মহত্যার হুমকির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ব্যক্তি একটি নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য। প্রজ্ঞাপন একাধিক ধাপে হতে পারে এবং রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। অপ্রয়োজনীয় অপপ্রচার চালিয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ ও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী এবং দলীয়ভাবেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া রাজধানীর হকার উচ্ছেদ অভিযান নিয়ে তিনি স্পষ্ট করেন যে, কাউকে বেকার করার উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়নি। নাগরিকদের চরম ভোগান্তি দূর করতে হকারদের শৃঙ্খলার মধ্যে আসতে হবে এবং নির্দিষ্ট নিয়মের ভেতর থাকতে হবে। অপরাধকে অপরাধ হিসেবেই বিবেচনা করা হবে এবং যেখানেই অপরাধ হবে, সেখানেই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Comments