ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
২০২৬ সালের জুলাই ও আগস্ট কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন 'ই-ভ্যাট' সিস্টেমে দাখিলের সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্ধারিত এই সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতাদের কোনো ধরনের জরিমানা গুনতে হবে না।
আজ বৃহস্পতিবার এনবিআরের মূসক (মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) শাখার দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
আদেশে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ভ্যাট রিটার্ন সংক্রান্ত সংশোধিত বিধান অনুযায়ী প্রতি তিন মাস পর কর মেয়াদ সমাপ্তির পর রিটার্ন দাখিলের সুযোগ তৈরি হয়েছে। ফলে অনেক করদাতা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন দাখিল করতে পারেনি।
করদাতাদের এই জটিলতা ও অসুবিধার কথা বিবেচনা করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪(৩)-এর ক্ষমতাবলে সময়সীমা ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এনবিআর আরও স্পষ্ট করেছে যে, এই সুবিধা নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব জরিমানা প্রযোজ্য হবে না। তবে যেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য, তাদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে জুলাই ও আগস্টের পাশাপাশি সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের রিটার্নও আবশ্যিকভাবে ই-ভ্যাট সিস্টেমে দাখিল করতে হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
Comments