অভিযোগ প্রমাণিত হলে মিষ্টির বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর মিরপুরে রাড্ডা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সদ্য পদত্যাগকারী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তাঁর (মিষ্টি) বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চার্জশিট দেওয়া হবে। চার্জশিটে নাম আসলে তাঁকে আদালতের এখতিয়ারে যেতে হবে এবং আইনের আওতায় আসতে হবে।'
তিনি আরও স্পষ্ট করেন যে, অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থার পাশাপাশি দলের পক্ষ থেকেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্ত সম্পন্ন হওয়ার আগে এবং অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে নিয়ে আগ বাড়িয়ে কিছু বলা ঠিক হবে না বলেও মন্তব্য করেন
নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র জানায়, রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসার গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান ফেরদৌসী আহমেদ মিষ্টিকে ডেকে পাঠান। সেখানে ঘটনার বিষয়ে মিষ্টির দেওয়া জবাব প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতে পারেনি। পরবর্তীতে পুলিশ ও গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় এবং দ্রুত পদত্যাগ না করলে আরও কঠোর দলীয় ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
এদিকে সাম্প্রতিক বিভিন্ন আলোচিত ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে বলে জানা গেছে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় যে, তদন্তে যার নামই আসুক না কেন, সরকার কাউকেই ছাড় দেবে না।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম জোরালোভাবে জড়িয়ে পড়ে। তীব্র সমালোচনার মুখে ইতোমধ্যে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন এবং তাঁর দল ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়কের পদসহ ওই কমিটিও বিলুপ্ত করেছে।
Comments