মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আসন শূন্য ঘোষণা
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তীব্র সমালোচনার মুখে থাকা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ করেছে সংসদ সচিবালয়। একই সঙ্গে তাঁর আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর (মহিলা আসন-২৩) আসনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী শূন্য ঘোষণা করা হয়েছে।
এর আগে আজ দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। সংসদ ভবন থেকে বের হওয়ার সময় সংবাদকর্মীরা পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান যে তিনি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছিলেন এবং কথা বলেছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে মিরপুর-১ নম্বরের রাড্ডা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ন্যক্কারজনক ঘটনায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার গুরুতর অভিযোগ ওঠার পাশাপাশি স্থানীয় এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির নামও জোরালোভাবে আলোচনায় আসে।
ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগ করার নির্দেশ দেন। উল্লেখ্য, মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। এই ঘটনার জেরে গত বুধবার রাতেই ঢাকা মহানগর উত্তর বিএনপির ওই কমিটিও বিলুপ্ত করেছে দল।
Comments