পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নাম বদলে হলো ‘স্পেশাল রেসপন্স ইউনিট’
বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে থাকা 'অ্যান্টি টেররিজম ইউনিট' বা এটিইউ-এর নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে 'স্পেশাল রেসপন্স ইউনিট' (এসআরইউ)।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ বিষয়ে সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে। জারি করা স্মারক অনুযায়ী, অর্থ বিভাগ কর্তৃক জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে এই নাম পরিবর্তন কার্যকর হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, নাম পরিবর্তন করা হলেও বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদের সংখ্যা বা বিন্যাসে কোনো পরিবর্তন আসবে না।
আদেশে আরও বলা হয়, নাম পরিবর্তনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরোপিত শর্তাবলি এবং সংশ্লিষ্ট সব বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, এ সংক্রান্ত প্রক্রিয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ আগস্ট, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখার ৩১ আগস্ট এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ শাখার গত ২ সেপ্টেম্বরের স্মারক বিবেচনায় নেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই আদেশ জারি করা হয়েছে।
Comments