প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রসার এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) 'আন্তর্জাতিক প্রবীণ দিবস' উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ বছরের আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে— 'দীর্ঘায়ুর যুগ : দীর্ঘ জীবন নিশ্চিত করতে ব্যবস্থাপনায় নতুন ভাবনা'
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মানুষের স্বাস্থ্যসচেতনতা এবং চিকিৎসাবিজ্ঞানের অভূতপূর্ব উন্নতির ফলে দেশে দেশে মানুষের গড় আয়ু বাড়ছে। মানুষের এই দীর্ঘায়ু একদিকে যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে, অন্যদিকে দীর্ঘ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা এবং পারিবারিক সহায়তার অবকাঠামোকে সময়োপযোগী করে তোলার প্রয়োজনীয়তা সামনে নিয়ে আসছে।
একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, প্রবীণদের স্বার্থরক্ষায় সরকার সবসময় সচেতন ও সতর্ক রয়েছে। জীবনচক্রের প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি প্রবীণ বয়সে নিরাপদ ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করে যাচ্ছে।
নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী জানান, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা আরও সুদৃঢ় করতে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে বয়স্ক ভাতার পরিসর বাড়ানো এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগগুলো প্রবীণ জনগোষ্ঠীর জীবনযাত্রাকে আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করবে।
Comments