না জানিয়ে উচ্ছেদ অভিযান ও সংঘর্ষের ঘটনায় জামায়াত আমিরের বিস্ময় ও ক্ষোভ
রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা এবং ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তীব্র বিস্ময় ও প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো ধরনের পূর্ব পরামর্শ বা সমন্বয় ছাড়া এ ধরনের অভিযান পরিচালনার ফলে অনাকাঙ্ক্ষিত সংঘাতের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অবস্থান তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান তার পোস্টে লেখেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১৩ নম্বর থেকে ১০ নম্বর এলাকার হোপ মার্কেট সংলগ্ন ফুটপাতে উচ্ছেদ অভিযান চালানোর সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে সিটি করপোরেশনের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ ব্যবসায়ীরা আহত হন। এছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহে যাওয়া গণমাধ্যমকর্মীদেরও বাধা দেওয়া হয় বলে উল্লেখ করেন তিনি।
নিজের নির্বাচনী এলাকা হওয়া সত্ত্বেও প্রশাসন থেকে কোনো ধরনের অবগত না করার বিষয়ে জামায়াত আমির বলেন, "এই আসনটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন, যেখানে জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সুতরাং, জনগণের সুবিধা-অসুবিধা-সংক্রান্ত কোনো বিষয়ে বড় কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি হয়তো আরও সমন্বিত ও ভিন্নভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।"
সংঘাতের পথ এড়িয়ে বাস্তবসম্মত সমাধানের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, "এ ক্ষেত্রে সংঘাতের পরিবর্তে বাস্তবতা উপলব্ধি করে এমন একটি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত না হন এবং একই সঙ্গে সাধারণ জনগণের চলাচলের পথও নির্বিঘ্ন ও ব্যবহারোপযোগী থাকে। এর জন্য প্রয়োজন একটি সমন্বিত ও জনবান্ধব উদ্যোগ।" ফুটপাত উচ্ছেদের নামে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
Comments