আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনাকে কেন্দ্র করে পুরো ব্যবস্থার অবনতি হয়েছে বলে প্রচার করা ঠিক নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে সচিবালয়ে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
জনগণের উদ্বেগের বিষয়ে সরকার সংবেদনশীল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেকোনো মানুষের উদ্বেগকে সরকার সর্বদা আমলে নেয়।
রাজধানীর রামপুরা ও মানিকদী স্টুডিওতে হামলার ঘটনার তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সম্প্রতি রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও সিটি করপোরেশনের মধ্যে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এটি মূলত দাপ্তরিক ও মাঠপর্যায়ের কাজের ক্ষেত্রে 'সমন্বয়হীনতার অভাব' বলেই প্রতীয়মান হচ্ছে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে দেশে যেকোনো সময়ের তুলনায় ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য অনেক ভালো অবস্থানে রয়েছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এবার সারাদেশে ৩৩ হাজার ৮০০-রও বেশি পূজা মণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে। সনাতন ধর্মাবলম্বীদের এই বড় উৎসবকে নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বছর পূজার সরকারি বরাদ্দ ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকায় উন্নীত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গতবারের তুলনায় এ বছর পূজা মণ্ডপের সংখ্যা প্রায় দেড় হাজার বৃদ্ধি পেয়েছে।
সভায় উপস্থিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা সরকারের পক্ষ থেকে ছুটির মেয়াদ ও আর্থিক অনুদান বাড়ানোর ঘোষণায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি পূজার আগে নিরীহ হিন্দু সম্প্রদায়ের কাউকে যেন গ্রেপ্তার বা হয়রানি না করা হয়, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট বিশেষ আহ্বান জানান।
Comments