মাঝআকাশে পাইলটদের মারামারি, হাইজ্যাক আতঙ্কে সৌদিতে জরুরি অবতরণ
উড্ডয়নরত অবস্থায় ককপিটে পাইলট ও সহ-পাইলটের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনার জেরে দুবাই থেকে তেল আবিবগামী 'ফ্লাইদুবাই'-এর একটি যাত্রীবাহী বিমান সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। এই ঘটনায় বিমান ছিনতাইয়ের (হাইজ্যাক) আতঙ্ক ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকালে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ইসরায়েলি সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে বিমানটির গতিপথ পরিবর্তন করে সৌদির তাবুক বিমানবন্দরে নামানো হয়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট 'ফ্লাইটরাডার২৪'-এর তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার প্রায় দুই ঘণ্টা পর বিমানটি থেকে প্রথমে একটি জরুরি বিপদ সংকেত পাঠানো হয়। তবে এর কয়েক মিনিটের মাথায় হঠাৎ করেই বিমানটি থেকে বিমান ছিনতাই বা হাইজ্যাকের জন্য নির্ধারিত বিশেষ কোড সংকেত পাঠানো শুরু হয়। যদিও কিছুক্ষণ পর সেই কোড প্রত্যাহার করে পুনরায় সাধারণ জরুরি অবস্থা সংকেতে ফিরিয়ে নেওয়া হয়।
এই সংকেতের পরপরই ইসরায়েলজুড়ে তীব্র নিরাপত্তা আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। সম্ভাব্য বিমান হাইজ্যাকের ঝুঁকি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে আকাশে সামরিক যুদ্ধবিমান পাঠিয়ে দেয় ইসরায়েলি বিমানবাহিনী। একই সঙ্গে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
পরবর্তীতে জানা যায়, বিমানটিতে কোনো সন্ত্রাসী হামলা বা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি; বরং পাইলটদের মধ্যকার ব্যক্তিগত দ্বন্দ ও মারামারির কারণেই এই অনাকাঙ্ক্ষিত জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় ফ্লাইদুবাই কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।
Comments