১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন একনেকে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশের যোগাযোগ, স্বাস্থ্য, জ্বালানি ও প্রযুক্তি খাতের অবকাঠামো উন্নয়নে মোট ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি নতুন ও সংশোধিত উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
অনুমোদিত মোট ১৩টি প্রকল্পের মধ্যে রয়েছে—৮টি নতুন প্রকল্প, ৩টি সংশোধিত প্রকল্প, ২টি প্রকল্পর মেয়াদ বৃদ্ধি।
প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি কোষাগার বা নিজস্ব অর্থায়ন থেকে জোগান দেওয়া হবে ১০ হাজার ১১৮ কোটি ৩৩ লাখ টাকা। এছাড়া বিদেশি প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ৩৮২ কোটি ২৮ লাখ টাকা।
একনেক সভায় বিভিন্ন খাতের যেসব গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে:
স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (২টি): 'বাংলাদেশে যক্ষ্মা (টিবি), এইচআইভি–এইডস ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা জোরদারকরণ' এবং 'পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন' (১ম সংশোধিত)।
অর্থ মন্ত্রণালয় (১টি): 'ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২ (এফএসএসপি-২)'।
সমাজকল্যাণ মন্ত্রণালয় (১টি): 'চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে বিদ্যমান শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও সম্প্রসারণ এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান রৌফাবাদ, চট্টগ্রাম-এ হোস্টেল ভবন সম্প্রসারণ ও সক্ষমতা'।
পানি সম্পদ মন্ত্রণালয় (২টি): 'মুসাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী এবং বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (অংশ-১)' এবং 'মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলাধীন শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষা'।
ভূমি মন্ত্রণালয় (১টি): 'ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে ৩টি সিটি করপোরেশন, ১টি পৌরসভা এবং ২টি গ্রামীণ উপজেলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন প্রকল্প' (২য় সংশোধিত)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (২টি): 'রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প' এবং 'মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প' (৩য় সংশোধন)।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (১টি): 'হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (১ম পর্যায়)' (৩য় সংশোধন)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় (১টি): 'র্যাব (এসআরবি) এর কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ' (২য় সংশোধিত)।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (২টি): 'ফেনী জেলার সোনাগাজীতে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ' এবং 'তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ'।
Comments