বাংলাদেশের প্রযুক্তি খাতে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের হাতছানি: ববি হাজ্জাজ
বাংলাদেশের প্রযুক্তি খাতে ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেমিকন্ডাক্টর খাতের বিভিন্ন কোম্পানি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গত ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইস্ট পালো আল্টোতে অনুষ্ঠিত 'সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ডটেবিল' শীর্ষক এক উচ্চপর্যায়ের আলোচনা সভায় এই বিনিয়োগের সম্ভাবনার কথা উঠে আসে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
'টেকনোলজি ইনভেস্টমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস ফর বাংলাদেশেস গ্রোথ' শীর্ষক এই গোলটেবিল বৈঠকে বাংলাদেশের প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি স্থানান্তর, উদ্ভাবন এবং বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এআই ও সেমিকন্ডাক্টর শিল্পে মার্কিন কোম্পানিগুলোর এই আগ্রহ দেশের অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
এই সম্ভাবনাকে দ্রুত বাস্তব রূপ দিতে প্রযুক্তি হস্তান্তর, দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা, উদ্ভাবন এবং একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন তিনি। ববি হাজ্জাজ আরও বলেন, বৈশ্বিক প্রযুক্তি খাতের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশকে দক্ষ মানবসম্পদ, আধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে এগিয়ে যেতে হবে। এআই ও ডেটা অবকাঠামো, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পে এই বিনিয়োগ দেশের অর্থনৈতিক বহুমুখীকরণ ও ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করবে।
বৈঠকে এআই ও ডেটা অবকাঠামো উন্নয়ন, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে বাস্তবায়নযোগ্য সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন—
- প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
- প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ
কারম্যাক্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার শামীম মোহাম্মদ সভাটি সফলভাবে সঞ্চালনা করেন। এতে মার্কিন প্রযুক্তি খাতের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নির্বাহীরা অংশ নেন।
তবে প্রতিমন্ত্রীর দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কোনো মার্কিন কোম্পানির নাম, সম্ভাব্য প্রকল্পগুলোর রূপরেখা, বিনিয়োগের সময়সীমা কিংবা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের তথ্য জানানো হয়নি।
Comments