মার্কিন-ইসরায়েলি হামলা থেকে দুবার বেঁচে ফিরেছেন মোজতবা খামেনি
ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের শুরু থেকে বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অন্তত দুবার ভয়াবহ হামলা থেকে অক্ষত ও প্রাণে বেঁচে গেছেন। কাতারি সংবাদমাধ্যম 'আল আরবি'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের বিশেষজ্ঞ পরিষদের (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) সদস্য আয়াতুল্লাহ মোহসেন হায়দারি আলেকাসির এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন ও চত্বরে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ৮৬ বছর বয়সী সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি, তাঁর বেশ কয়েজন সহযোগী ও পরিবারের সদস্যরা নিহত হন। ওই সময় গুরুতর আহত ৫৬ বছর বয়সী মোজতবাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী পরবর্তীতে রাজধানী তেহরানের তিনটি ভিন্ন হাসপাতালে হামলা চালায়। আলেকাসির জানান, লক্ষ্যবস্তু হওয়া তৃতীয় হাসপাতালটিতেই চিকিৎসাধীন ছিলেন মোজতবা খামেনি। সেখান থেকে তাঁকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম 'নিউইয়র্ক পোস্ট'-এর প্রতিবেদন অনুযায়ী, হাসপাতাল থেকে উদ্ধারের পর মোজতবা খামেনিকে একটি নিরাপদ ও অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে তিনি আর জনসমক্ষে বা ক্যামেরার সামনে আসেননি।
সাক্ষাৎকারে মোজতবা খামেনির মনোনয়ন প্রক্রিয়ার বর্ণনা দিয়ে আলেকাসির জানান, ৫৬ বছর বয়সী এই নেতা দায়িত্ব পালনের মতো যথেষ্ট সুস্থ আছেন—এমন নিশ্চিত তথ্য পাওয়ার পর তিনিই প্রথম মোজতবার নাম প্রস্তাব করেন। গত ৮ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনে আনুষ্ঠানিক ঘোষণার আগপর্যন্ত মোজতবা খামেনির বিন্দুমাত্র ধারণাও ছিল না যে তাঁকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে একবার এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর 'আইনগত ও ধর্মীয় বাধ্যবাধকতা' থেকে তিনি তা মেনে নিতে বাধ্য হন বলে জানান এই ধর্মগুরু।
সর্বোচ্চ নেতা নির্বাচনকারী সংস্থা 'বিশেষজ্ঞ পরিষদ' নিজেও শত্রুদের লক্ষ্যবস্তুর বাইরে ছিল না। মার্কিন ও ইসরায়েলি বাহিনী কুমে অবস্থিত সংস্থাটির সচিবালয়েও বোমা হামলা চালায়। জানা যায়, বিশেষজ্ঞ পরিষদের প্রদত্ত মোট ৫৯টি ভোটের মধ্যে মোজতবা খামেনি একাই পান ৫০টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আয়াতুল্লাহ আলিরেজা আরাফি পান আটটি ভোট এবং একজন সদস্য ভোটদান থেকে বিরত থাকেন।
আলেকাসির আরও বলেন, 'বর্তমান শত্রুভাবাপন্ন পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ছাড়া অন্য কাউকে ইসলামিক প্রজাতন্ত্রের নেতা ও সর্বোচ্চ পথপ্রদর্শক হিসেবে বেছে নেব না।'
ধারণা করা হচ্ছে, বাবাকে হারানো সেই বিমান হামলায় আহত হওয়ার পর থেকেই মোজতবা খামেনি আত্মগোপনে রয়েছেন। তবে গত সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন।
এদিকে এই ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে সরবরাহ সংকটের কারণে ইউরোপ ও এশিয়ায় এলএনজির (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) দাম ২০২২ সালের শেষ দিকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। উত্তর গোলার্ধে শীত মৌসুম ঘনিয়ে আসায় এই জ্বালানি সংকট বিদ্যুৎ ও সামগ্রিক উৎপাদন খরচের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
।
Comments