কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট শুরু
দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারকে আধুনিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পথে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। নতুন নির্মিত টার্মিনাল ভবন থেকে পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে ৭০ জন যাত্রী নিয়ে নভোএয়ারের একটি ফ্লাইট নতুন টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। এরপর একে একে সকাল ৮টা ৫০ মিনিটে এয়ার আস্ট্রা এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটগুলোও যাত্রা করে।
পর্যটন শিল্পের প্রসার এবং বিমান চলাচলের পরিসর বাড়াতে গত কয়েক বছর ধরে কক্সবাজার বিমানবন্দরটিকে আধুনিকায়ন করা হচ্ছে। ১ হাজার ৮৬৮ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালের ২৯ আগস্ট এই মেগা প্রকল্পের কাজ শুরু হয়।
এই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো বঙ্গোপসাগরের বুক চিরে বিমানবন্দরের রানওয়ে ১ হাজার ৭০০ ফুট সম্প্রসারণ করা। নতুন দৃষ্টিনন্দন টার্মিনাল ভবন ছাড়াও এর মাধ্যমে বিমানবন্দরটিতে যুক্ত হয়েছে বিশ্বমানের নানা এভিয়েশন অবকাঠামো।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, আগামী অক্টোবর মাসেই এই দীর্ঘায়িত নতুন রানওয়েটি পুরোপুরি বাণিজ্যিকভাবে চালু করা সম্ভব হবে।
Comments