দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি জানান, প্রধানমন্ত্রীর এই যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত সফল ও গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বোয়িং কেনার চুক্তি প্রসঙ্গে বলেন, "দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই আমেরিকা থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।"
আইনশৃঙ্খলা ও রাজনৈতিক শৃঙ্খলা প্রসঙ্গে মাহদী আমিন দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সরকার কঠোর হাতে এসব অপরাধ দমন করবে।
জাতিসংঘে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ ও সম্ভাবনা অত্যন্ত দৃঢ়ভাবে তুলে ধরেছেন এবং বিশ্বনেতারা তাকে সাদরে গ্রহণ করেছেন। ঐতিহাসিক ভাষণের মাধ্যমে তিনি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের অতিরিক্ত ভিড় প্রধানমন্ত্রী পছন্দ করেন না উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী একে একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হিসেবে অভিহিত করেন।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, স্থানীয় সরকার মন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
Comments