জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন ব্যারিস্টার জাইমা রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে 'লিগ্যাল অফিসার' বা আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
জাতিসংঘের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে মোট ৪০ জন কর্মকর্তা কর্মরত রয়েছেন। যার মধ্যে জাইমা রহমানসহ মোট ছয়জন বাংলাদেশি এই কার্যালয়ে দায়িত্ব পালন করছেন। আইন কর্মকর্তা হিসেবে জাইমা রহমান দাপ্তরিক বিভিন্ন আইনি বিষয় দেখভাল করবেন।
দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ও বাংলাদেশে আইন এবং নীতিনির্ধারণী খাতে পেশাগত অভিজ্ঞতা রয়েছে ব্যারিস্টার জাইমা রহমানের। আইনি পরামর্শ প্রদানের পাশাপাশি সমাজকল্যাণ ও শিক্ষা নিয়ে সমন্বিতভাবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে।
শিক্ষাজীবনে তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন ও রাজনীতি বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের স্বনামধন্য 'দ্য অনারেবল সোসাইটি অব দ্য ইনার টেম্পল' থেকে ইংল্যান্ড ও ওয়েলসের সনদপ্রাপ্ত ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন।
পেশাগত জীবনে যুক্তরাজ্যে আবাসন, জনকল্যাণ ও শ্রম আইন নিয়ে কাজ করার পাশাপাশি স্বাস্থ্য খাতে আইনি পরামর্শক এবং জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া সমাজকল্যাণ ও শিক্ষা আইন সম্পর্কিত বিষয়ে সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে আইনি সেবা (প্রো বোনো) প্রদানেরও অভিজ্ঞতা রয়েছে তাঁর।
Comments