সৌদি আরবের ইয়ানবু বন্দর রক্ষায় সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে ফ্রান্স: মাখোঁ
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ ও লোহিত সাগরের কৌশলগত বন্দরনগরী ইয়ানবুর সুরক্ষায় সেনা ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এই ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফরাসি টেলিভিশন চ্যানেল টিএফ১ ও ফ্রান্স টু-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাখোঁ জানান, সৌদি আরবের সঙ্গে এ বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তির আওতায় ইয়ানবুর নিরাপত্তা নিশ্চিত করতে ফরাসি সেনাসদস্য, রাডার ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা মোতায়েন করা হবে। তবে এটি কোনো সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাটির সুরক্ষাই এর একমাত্র উদ্দেশ্য।
লোহিত সাগরের তীরের ইয়ানবু বন্দরটি সৌদি আরবের জ্বালানি ও তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের দিকে বিভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা এবং সামগ্রিক আঞ্চলিক উত্তেজনার কারণে সৌদি তেল সরবরাহ ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়ে গেছে।
সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞারও কড়া সমালোচনা করেন। এ ধরনের পদক্ষেপ বিশ্ব অর্থনীতি এবং খোদ যুক্তরাষ্ট্রের জন্য 'বিপর্যয়কর' বয়ে আনবে বলে মন্তব্য করেন তিনি। যদিও হোয়াইট হাউস জানিয়েছে যে তারা এ ধরনের কোনো নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করছে না।
এছাড়া সাক্ষাৎকারে ইউরোপের নিরাপত্তায় রাশিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়েও সতর্কবার্তা উচ্চারণ করেন ইমানুয়েল মাখোঁ।
Comments