রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান: তারেক রহমান
বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ও মর্যাদাপূর্ণভাবে ফিরিয়ে নিয়ে যাওয়াই এই সংকটের একমাত্র এবং স্থায়ী সমাধান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, 'বাংলাদেশ মনে করে, রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে; তাই এর প্রকৃত সমাধানও সেখানেই নিহিত রয়েছে।'
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো সতর্কবাণী উচ্চারণ করে তিনি বলেন, বিশ্ব সম্প্রদায় যদি এই বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে অদূর ভবিষ্যতে এটি গোটা অঞ্চলের জন্য আরও বড় ধরনের মারাত্মক নিরাপত্তা ও মানবিক সংকটে রূপ নিতে পারে।
দীর্ঘমেয়াদী এই সংকটের কারণে বাংলাদেশের ওপর পড়া বহুমাত্রিক চাপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, গত নয় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে নিজ ভূখণ্ডে আশ্রয় দিয়ে আসছে। এর ফলে দেশের অর্থনীতি, সীমিত সম্পদ, পরিবেশ, জাতীয় নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার ওপর ব্যাপক নেতিবাচক চাপ সৃষ্টি হয়েছে।
এই জটিল পরিস্থিতি থেকে উত্তরণে তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় ও কার্যকর রাজনৈতিক এবং আর্থিক সমর্থনের জোরালো দাবি জানান। একই সঙ্গে, নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী মানবিক সহায়তা কর্মসূচিগুলো নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
Comments