জ্বালানিসংকটে ৪৫০ গাড়ির লংমার্চ নিয়ে প্রশ্ন রুহুল কবির রিজভীর
দেশে তীব্র জ্বালানিসংকট ও সাশ্রয়ের কথা বলা হলেও ৪৫০টি গাড়ির বহর নিয়ে ১১ দলীয় জোটের রংপুর অভিমুখী লংমার্চের তীব্র সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বৈশ্বিক জ্বালানিসংকটের বাস্তবতা বিবেচনা না করে কেবল সরকারের ওপর দায় চাপিয়ে এ ধরনের রাজনৈতিক কর্মসূচি দেওয়া কোনোভাবেই সমীচীন নয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে 'জাতীয়তাবাদী সমমনা জোট' আয়োজিত 'গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যমুনা সেতুর টোল আদায়ের তথ্য তুলে ধরে রিজভী বলেন, যারা কথায় কথায় জ্বালানি সাশ্রয়ের কথা বলেন, তারাই আবার রংপুরে প্রায় ৪৫০টি গাড়ির বিশাল বহর নিয়ে লংমার্চ করেছেন। এত গাড়িতে যে পরিমাণ তেল খরচ হয়েছে, তা সাশ্রয় করলে জাতীয় গ্রিডের জ্বালানি ও বিদ্যুৎ সংকটে কিছুটা হলেও স্বস্তি আনা যেত। এমনকি এই লংমার্চের কিছু গাড়ির টোলও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ঝুঁকি এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর এর নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের এই বাস্তবতা অস্বীকার করে দেশের জ্বালানি সংকটের পুরো দায় সরকারের ওপর চাপানো অনুচিত।
বিরোধী দলগুলোকে মুক্ত পরিবেশে কর্মসূচি পালনে সরকারের কোনো আপত্তি নেই উল্লেখ করে রিজভী স্পষ্ট জানান, তবে কর্মসূচির আড়ালে বাস-ট্রেনে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকেও সোচ্চার হতে হবে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এদিকে, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে একই দিন রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে 'অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ' (অ্যাব)। রুহুল কবির রিজভীর নেতৃত্বে কৃষিবিদ ইনস্টিটিউট থেকে শুরু হওয়া এই মিছিলটি ফার্মগেট পুলিশ বক্সের সামনে এসে শেষ হয়।
মিছিলে সংগঠনের আহ্বায়ক ড. কামরুজ্জামান, সদস্যসচিব শাহাদাত হোসেন বিপ্লব, কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুল কবিরসহ শত শত কৃষিবিদ অংশ নেন। এ সময় দেশজুড়ে পরিকল্পিত নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
Comments