এবার সৌদির রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোররাতে বিমান হামলার সতর্কতা জারির পরপরই পরপর দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকেরা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সৌদি কর্তৃপক্ষের পাঠানো জরুরি বার্তায় রিয়াদের বাসিন্দাদের সতর্ক করে বলা হয়, পুরো এলাকা শত্রুপক্ষের বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে রয়েছে। এ কারণে নাগরিকদের ঘরের ভেতরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়।
সতর্কবার্তা পাওয়ার কিছুক্ষণের মধ্যেই রিয়াদে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতির উন্নতি হলে কর্তৃপক্ষ জরুরি সতর্কতা প্রত্যাহার করে নেয়।
ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে। তবে গত জুলাইয়ে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর রিয়াদ সরাসরি হামলার ঝুঁকিতে পড়ার ঘটনা এবারই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ইয়েমেনের জনবহুল অনেক এলাকা বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। চলতি মাসে লোহিত সাগরের ইয়েমেন উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে গোষ্ঠীটি নতুন করে অভিযান শুরু করেছে। এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
পারস্য উপসাগরের হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর সৌদি আরব জ্বালানি তেল রপ্তানির একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে বাব আল-মানদেব ব্যবহার করে আসছিল। কিন্তু হুতিদের নৌ অবরোধের ঘোষণায় সৌদি তেল রপ্তানি আরও চাপে পড়েছে।
জাহাজ চলাচলের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্যানুযায়ী, জুলাই থেকে বাব আল-মানদেব দিয়ে সৌদি আরবের তেল পরিবহন উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে গত সপ্তাহেও পাঁচটি তেলবাহী জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করেছে।
হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবের জাহাজ ছাড়া অন্য দেশের বাণিজ্যিক জাহাজের জন্য আন্তর্জাতিক এই জলপথ উন্মুক্ত ও নিরাপদ থাকবে।
অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, নতুন করে শুরু হওয়া সংঘাতের কারণে ইয়েমেনে এক লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পাশাপাশি প্রায় তিন হাজার মানুষ প্রাণ বাঁচাতে সমুদ্রপথে পার্শ্ববর্তী জিবুতিতে আশ্রয় নিয়েছেন।
Comments