ডেঙ্গু প্রতিরোধে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিশেষ নজর দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীর সৌন্দর্যবর্ধন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড বেগবান করতে ধানমন্ডি লেকে একটি 'নজরুল মঞ্চ' নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ধানমন্ডি ও গুলশান লেক সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ঢাকা দুই সিটি করপোরেশনের প্রশাসক এই তথ্য জানান।
বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, ধানমন্ডি লেক এলাকাকে আরও আধুনিক ও আকর্ষণীয় রূপে সাজানো হবে। এছাড়া লেক এলাকার পরিবেশ রক্ষায় দু-একটি রেস্তোরাঁ বাদে বাকি সব অবৈধ বা অতিরিক্ত রেস্তোরাঁ সরিয়ে ফেলা হবে বলে জানান তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও একে আরও উন্নত করতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া নগরীতে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে সংশ্লিষ্ট সেবামূলক প্রতিষ্ঠানগুলো অভিযান চালালে সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে বলেও বৈঠকে জানানো হয়।
Comments