আগামী বছর থেকে ১ কোটি ১২ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস
শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন জানিয়েছেন, আগামী বছর থেকে সারা দেশের ১ কোটি ১২ লাখ প্রাথমিক শিক্ষার্থীরা স্কুল ড্রেস পাবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে। তাই তাদের প্রয়োজন ও ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি।
তিনি শিক্ষার্থীদের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। মন্ত্রী বলেন, যার মেধা আছে, তার সামনে এগিয়ে যাওয়ার জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না।
এ সময় বিগত সরকারের শিক্ষাখাতের বরাদ্দ নিয়েও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আগের সরকারের সময়ে শিক্ষাখাতে বরাদ্দের ক্ষেত্রে 'শুভঙ্করের ফাঁকি' ছিল।
শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর থেকে দেশের ১ কোটি ১২ লাখ প্রাথমিক শিক্ষার্থীর জন্য স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে তাদের ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
Comments