অক্টোবরে ২২ দিন সারাদেশে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী অক্টোবর মাসে ২২ দিন সারাদেশে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সভায় সভাপতিত্ব করেন।
এই ২২ দিন দেশব্যাপী ইলিশ মাছ ধরা সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি ইলিশ পরিবহন, মজুদকরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় এবং বিনিময়ও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ সময়ে কর্মহীন হয়ে পড়া জেলেদের সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হবে। বরিশাল, চাঁদপুর ও ভোলাসহ ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্রগুলোতে নজরদারি ও অভিযান জোরদার করা হবে। জেলা প্রশাসন, নৌপুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করবে। অবৈধভাবে ধরা মাছ বাজারজাত ও সংরক্ষণ ঠেকাতে বরফকল, মাছের আড়ত এবং বাজারে কঠোর নজরদারি রাখা হবে।
নীতিনির্ধারকদের বক্তব্য
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, "ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নিষিদ্ধ সময়ে মাছ ধরা বা বাজারজাত করার কোনো সুযোগ দেওয়া হবে না।" চাঁদপুর মোহনাোদনসহ অন্যান্য প্রজননক্ষেত্রে অবৈধ জাল অপসারণে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ইলিশের উৎপাদন কমে যাওয়ার কারণ গবেষণার মাধ্যমে খুঁজে বের করতে হবে। নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত রাখতে প্রকৃত জেলেদের কাছে সরকারের প্রণোদনা ও ভিজিএফ সহায়তা সঠিকভাবে পৌঁছানো নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। এছাড়া, নিষিদ্ধ জালের উৎপাদন ও বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।
সভায় মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ মৎস্য অধিদপ্তর, মৎস্য উন্নয়ন করপোরেশন এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউটের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments