আইরিশ ব্যবসায়ীকে বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা
আইরিশ-অস্ট্রেলীয় বিনিয়োগ ব্যবসায়ী ক্যামেরন ও'রাইলিকে বিয়ে করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী, চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনাট্যকার জেমিমা গোল্ডস্মিথ। ছোট পরিসরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়ে তাঁদের বিয়ের এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ব্রিটিশ সাময়িকী 'ট্যাটলার'-এর বরাতে মঙ্গলবার গালফ নিউজ এ তথ্য প্রকাশ করে।
৫২ বছর বয়সী জেমিমার স্বামী ৬২ বছর বয়সী ক্যামেরন ও'রাইলি প্রয়াত আইরিশ মিডিয়া ব্যবসায়ী ও সাবেক রাগবি খেলোয়াড় স্যার অ্যান্থনি ও'রাইলির ছেলে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি কর্মজীবন শুরু করেন গোল্ডম্যান স্যাকসে। ২০০৩ সালে তিনি 'বেইয়ার্ড ক্যাপিটাল' নামে একটি বিনিয়োগ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যা ২০১১ সালে তোশিবার কাছে বিক্রি করা হয়। এ ছাড়া তিনি অস্ট্রেলিয়ার গণমাধ্যম প্রতিষ্ঠান 'এআরএন মিডিয়া'র প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালনসহ বিনোদন জগতে চলচ্চিত্র ও তথ্যচিত্রের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন। মূলত চলচ্চিত্র ও তথ্যচিত্র নিয়ে কাজ করতে গিয়েই জেমিমার সঙ্গে তাঁর পরিচয় ও বন্ধুত্ব হয়। এর আগে ২০২২ সালে প্রথম স্ত্রীর সঙ্গে ক্যামেরনের বিচ্ছেদ হয় এবং আগের সংসারে তাঁর চার সন্তান রয়েছে।
জেমিমার কর্মজীবন ও ব্যক্তিগত পটভূমি
জেমিমা গোল্ডস্মিথ একজন পুরস্কারজয়ী চিত্রনাট্যকার ও চলচ্চিত্র প্রযোজক। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে— 'দ্য ক্লিনটন অ্যাফেয়ার', 'ইমপিচমেন্ট: আমেরিকান ক্রাইম স্টোরি' এবং ২০২২ সালের চলচ্চিত্র 'হোয়াট'স লাভ গট টু ডু উইদ ইট?'।
১৯৯৫ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানকে বিয়ে করেছিলেন জেমিমা। ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে এবং তাঁদের সংসারে সোলায়মান ও কাসিম নামের দুই পুত্রসন্তান রয়েছে। বিচ্ছেদের বহু বছর পরও ইমরান খানের কারাবাস, শারীরিক অবস্থা ও মানবাধিকার সংকট নিয়ে জেমিমা বিভিন্ন সময়ে সোচ্চার থেকেছেন এবং তাঁর মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানিয়েছেন।
Comments