পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার অপরাধ কার্যকরভাবে মোকাবিলা ও পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে পুলিশ সদস্যদের জন্য উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) বোর্ডরুমে অনুষ্ঠিত পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান।
পুলিশ বাহিনীতে কর্মরত প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার সায়েন্সের পটভূমির সদস্যদের দক্ষতাকে কাজে লাগাতে অতিরিক্ত আইজিপির নেতৃত্বে একটি স্থায়ী ও সমন্বিত সাইবার সিকিউরিটি ইউনিট প্রতিষ্ঠা করা হবে। পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে অভ্যন্তরীণ প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং প্রয়োজনে বিদেশ থেকে প্রশিক্ষক এনে আধুনিক সুবিধা নিশ্চিত করা হবে।
সভায় পুলিশ স্টাফ কলেজের অধীনে পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র প্রতিষ্ঠা, ফরেনসিক সায়েন্স এবং ফিন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড গভর্ন্যান্সে মাস্টার্স কোর্স চালুর বিষয়ে আলোচনা হয়। এছাড়া পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বাধ্যতামূলক প্রশিক্ষণকে অগ্রাধিকার শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও আলোচিত হয়।
মন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে পুলিশ সদর দপ্তর, ডিএমপি ও সিআইডির মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে সাইবার অপরাধের তদন্ত ও ফরেনসিক কাজ পরিচালিত হলেও অপরাধের পরিধি বাড়ায় একটি স্থায়ী ও শক্তিশালী কাঠামোর প্রয়োজন রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের বিভিন্ন ক্যাম্পাসও পরিদর্শন করেন।
Comments