সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী
সন্ত্রাস দমনে বিচারবহির্ভূত হত্যা বা 'ক্রসফায়ার'-এর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, অপরাধ দমনে দেশের প্রচলিত আইনই পুরোপুরি যথেষ্ট।
সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
আইনমন্ত্রী স্পষ্টভাবে জানান যে, আইনের কাঠামোর বাইরে কোনো পদক্ষেপ বা ক্রসফায়ারের অবকাশ নেই। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় 'জিরো টলারেন্স' বা শূন্য সহনশীলতা নীতি গ্রহণের নির্দেশ দেন।
বিচারপ্রার্থী সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত সেবা পান, সেদিকে প্রশাসনকে সজাগ থাকার তাগিদ দেন তিনি। এর আগে খুলনা জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আদালতগুলোর মামলাজট কমাতে মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান আইনমন্ত্রী।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন, হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ও আমির এজাজ খান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা,খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।
এছাড়া সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
Comments