গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে এবার সেখানে একাত্তরের যুদ্ধাপরাধী গোলাম আজমকে জুতাপেটা করার একটি ঐতিহাসিক ছবি টাঙিয়ে দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়ার নেতৃত্বে একদল শিক্ষার্থী ডাকসু সংগ্রহশালায় এই ছবি টাঙান। সংগ্রহশালায় জিন্নাহর ছবি যেখানে লাগানো হয়েছিল, ঠিক তার ওপরের অংশে ১৯৮১ সালে বায়তুল মোকাররম মসজিদের সামনে গোলাম আজমকে জুতাপেটা করার সেই আলোচিত ছবিটি সাঁটানো হয়।
সম্প্রতি রবিবার ডাকসু ভবনের নিচতলায় সংস্কারকৃত ঐতিহাসিক সংগ্রহশালার পুনরায় উদ্বোধন করা হয়। এতে জিন্নাহর ছবি স্থান পাওয়ায় শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রদর্শনীতে ১৯৪৮ সালের ২১ মার্চ রেসকোর্স ময়দানে উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণার ছবি, ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের গ্রুপ ছবি এবং ১৯৭০ সালের ডন পত্রিকার পেপার কাটিং স্থান পেয়েছিল।
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমার উদ্যোগে এবং ডাকসু ভিপি আবু সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদের উপস্থিতিতে সংগ্রহশালাটি পুনরায় চালুর পর থেকেই ক্যাম্পাসে এ নিয়ে ব্যাপক আলোচনা ও রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
Comments