‘কৃষকের অর্থনীতি শক্তিশালী হলেই শক্তিশালী হবে দেশের অর্থনীতি’
কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে, আর কৃষকের সক্ষমতা বাড়লেই দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজীতে আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। দীর্ঘ সময় পর জনগণের ভোটে দেশে সরকার গঠিত হয়েছে। দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষক পরিবারের সঙ্গে সম্পৃক্ত। ফলে কৃষকের উন্নয়ন নিশ্চিত না করে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়।
তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ কৃষির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। কৃষকের জীবনমান ও আর্থিক অবস্থার উন্নয়ন কেন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি, তা নিয়ে ভাবতে হবে। বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকের উৎপাদিত পণ্যের সঠিক ও ন্যায্য মূল্য নিশ্চিত করা।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পেলে আয় ও ক্রয়ক্ষমতা বাড়বে। এতে কৃষকের আর্থিক ভিত্তি শক্তিশালী হবে এবং এর ইতিবাচক প্রভাব পড়বে পুরো দেশের অর্থনীতিতে।
জনসভাস্থল পরিদর্শনের সময় ফেনীর জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফেনীর উপপরিচালক আতিক উল্যাহ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, গ্রামবিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নেতারা উপস্থিত ছিলেন।
Comments