স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী
স্বামী-স্ত্রী উভয়ের কর্মস্থল কাছাকাছি, একই স্থানে, শহর কিংবা একই উপজেলায় রাখার জন্য সরকারের পক্ষ থেকে আন্তরিক চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য মারদিয়া মমতাজের বিধি-৭১-এর আওতায় আনীত জরুরি জনগুরুত্বসম্পন্ন একটি মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।
কর্মজীবী মায়েরা এবং তাদের শিশুদের সুবিধার কথা তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী জানান, মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মোট ৬৪টি ডে-কেয়ার সেন্টার (শিশু দিবাযত্ন কেন্দ্র) পরিচালিত হচ্ছে। এর মধ্যে ঢাকায় ৪৪টি এবং ঢাকার বাইরে রয়েছে ২০টি সেন্টার।
তিনি আরও জানান, সারা দেশে আরও ৬০টি নতুন ডে-কেয়ার সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে। বর্তমানে সচল কেন্দ্রগুলোতে ১৫ দিন থেকে ৬ বছর বয়স পর্যন্ত প্রায় ৪ হাজার ৫০ জন শিশুর জন্য অফিস চলাকালীন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরাপদে রাখার সুব্যবস্থা রয়েছে।
শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী বলেন, 'বর্তমানে ৫৩টি শিশু দিবাযত্ন কেন্দ্রে কর্মজীবী মায়েদের জন্য ডেডিকেটেড ব্রেস্টফিডিং সেন্টার চালু রয়েছে। আরও ১১টি ব্রেস্টফিডিং সেন্টার স্থাপনের কাজ প্রায় শেষের পথে এবং খুব দ্রুত আরও ১২টিতে এই সুবিধা চালু করা হবে। এর ফলে খুব শীঘ্রই দেশের সবকটি বা ৬৪টি ডে-কেয়ার সেন্টারেই ব্রেস্টফিডিংয়ের ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হবে।'
Comments