'জুলাই যোদ্ধা' আখ্যা দিয়ে ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা
ইতালির ভেনিসে অবস্থানরত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর শারীরিক লাঞ্ছনা ও হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ অভিযোগ করেন তিনি।
বাঁধনের অভিযোগ, ইতালিপ্রবাসী আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের একটি দল তার ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছনা করেছে।
ফেসবুক লাইভে ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী বলেন, তিনি তার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন।
সেখানে একদল প্রবাসী বাঙালি এসে তাকে শারীরিকভাবে হেনস্তা করে। এ সময় তার দিকে পানি ও কোল্ডড্রিংকস ছুড়ে মারা হয় বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার সময় তার ভাইয়ের ছোট সন্তানও সঙ্গে ছিল জানিয়ে বাঁধন বলেন, হামলার ঘটনায় শিশুটি ভয় পেয়ে চিৎকার করছিল।
তার ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া এবং কানের পাশে আঘাত করারও অভিযোগ করেন এই অভিনেত্রী।
তিনি বলেন, হামলাকারীরা তাকে 'জুলাইযোদ্ধা' বলে অভিহিত করেছে। এর জবাবে তিনি বলেন, 'আমি অবশ্যই জুলাইযোদ্ধা। জুলাইয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি।'
হামলাকারীরা নিজেদের 'বঙ্গবন্ধুর সৈনিক' হিসেবে পরিচয় দিয়েছিল দাবি করে বাঁধন আরও বলেন, তাকে জোর করে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' বলতে বলা হয়। এ সময় তারা ঘটনাটি ভিডিও ধারণ ও লাইভ করছিল বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ভেনিস ও ইতালি ছাত্রলীগের একদল নেতাকর্মী এক প্রবাসীকে ঘিরে ধরে আক্রমণাত্মক আচরণ করছে এবং তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করছে।
ভিডিও ফুটেজে এক ছাত্রলীগকে উত্তেজিত কণ্ঠে বলতে শোনা যায়, 'এই যে 'জুলাই জঙ্গি', যিনি দেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে... আমরা ভেনিস ছাত্রলীগ। এই ডিম মারো, ডিম মারো..."
একই সঙ্গে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের নাম উল্লেখ করে তারা আরও বলেন, "জুলাই জঙ্গি বাঁধন চলচ্চিত্রের নাম নিয়ে বাংলাদেশে একটি অরাজকতা তৈরি করেছে।" আক্রমণকারীরা জুলাই আন্দোলনকে কেন্দ্র করে প্রবাসীদের 'দেশদ্রোহী' ও 'ডলারে বিক্রি হওয়া জঙ্গি' আখ্যা দেয়।
হুমকি দিয়ে সংগঠনের এক প্রতিনিধিকে বলতে দেখা যায়, "আমরা ইতালি ছাত্রলীগ, বাংলাদেশের যেকোনো প্রান্তে যাওয়া যাবে। এই জঙ্গিরা যেখানেই যাবে, আমরা তাদের প্রতিরোধ করব এবং শিক্ষা দেব।"
Comments