অটোরিকশার অনিয়ন্ত্রিত বিস্তারে বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত বিস্তারের কারণে বিদ্যুৎ ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, যানজট, পরিবেশদূষণ এবং সরকারি রাজস্ব—সব ক্ষেত্রেই বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বর্তমানে দেশে আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার চলাচল করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে এসব গাড়ি চার্জ দেওয়ার ফলে সরকারের বছরে প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে বলে সংসদে জানান তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন এক নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। 'নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচল প্রসঙ্গে' শিরোনামে নোটিশটি দিয়েছিলেন সংরক্ষিত মহিলা আসন-৪-এর সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
নোটিশে সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, রাজধানীর বিভিন্ন সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ট্রাফিক ক্যামেরা স্থাপনের পর লালবাতি অমান্য ও গতিসীমা লঙ্ঘনের মতো অনিয়ম অনেকাংশে কমেছে। বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৭টি সিগন্যালে ৫০টি এআই ক্যামেরা সচল রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করে। তবে নাম্বার প্লেট না থাকায় ব্যাটারিচালিত অটোরিকশাগুলো এআই ক্যামেরার আওতায় এনে জরিমানা করা সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষের যাতায়াতে এটি সাশ্রয়ী ও সহজলভ্য হলেও প্রধান সড়কে এদের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে নাম্বার প্লেট সংযোজন, চালকদের প্রশিক্ষণ এবং অভ্যন্তরীণ সড়কে চলাচলের ব্যবস্থা করার প্রস্তাব দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গত এক দশকে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক নগর ও গ্রামীণ পরিবহন ব্যবস্থার অংশ হয়ে উঠেছে। তবে এর দ্রুত ও অনিয়ন্ত্রিত বিস্তার বিদ্যুৎ ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিপুলসংখ্যক যান একসঙ্গে চার্জ দেওয়ায় স্থানীয় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় অতিরিক্ত চাপ পড়ছে। আবাসিক সংযোগের বাণিজ্যিক ব্যবহার, ট্রান্সফর্মার ও লাইনে অতিরিক্ত লোডের কারণে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বাড়ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এসব থ্রি-হুইলারের বিপুল বিদ্যুৎ চাহিদা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ বা তারও বেশি হতে পারে। অবৈধ উপায়ে বিদ্যুৎ ব্যবহার করে গাড়ি চার্জ দেওয়ার কারণেই মূলত বছরে প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।
Comments