এনবিআর সংস্কার আন্দোলনের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় শাস্তির মুখে পড়া ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফের আবেদন করার পরিপ্রেক্ষিতে রোববার (৬ সেপ্টেম্বর) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
দণ্ড মওকুফ পাওয়া কর্মকর্তাদের মধ্যে কর বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা রয়েছেন।
তাদের মধ্যে রয়েছেন—উপকর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল, অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুমিতা, মো. মামুন মিয়া, অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) চাঁদ সুলতানা চৌধুরানী ও সুলতানা হাবীব, অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ এবং যুগ্ম কর কমিশনার মামুনা খাতুন।
এ ছাড়া যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, মো. জিল্লুর রহমান, মো. শাহাদাত জামিল, রাজস্ব কর্মকর্তা শফিউল বশর ও সবুজ মিয়া, উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম, কমিশনার (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেন, যুগ্ম কমিশনার মো. সানোয়ারুল কবির, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, আ.আ.ম. আমীমুল ইহসান খান, সিফাত-ই-মরিয়ম এবং হাছান মুহম্মদ তারেক রিকাবদানও দণ্ড মওকুফের আওতায় রয়েছেন।
২০২৫ সালে এনবিআর সংস্কারের দাবিতে কর্মকর্তাদের আন্দোলন একপর্যায়ে ব্যাপক আকার ধারণ করে। আন্দোলনের কারণে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি হয়। পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করা হয়।
এরপর আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ৩৯ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় আইআরডি। তাদের মধ্যে এনবিআরের তিন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া সেই শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে দণ্ডিত কর্মকর্তাদের মধ্যে ২০ জনের দণ্ড এবার মওকুফ করা হলো।
Comments