আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে শোধন হবে ৪৫ লাখ টন তেল
দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করা এবং পরিশোধিত জ্বালানি তেলের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির বার্ষিক তেল পরিশোধন সক্ষমতা বর্তমানের তুলনায় তিনগুণ বেড়ে ৪৫ লাখ মেট্রিক টনে দাঁড়াবে।
প্রকল্পটি বাস্তবায়নে ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা।
'মডার্নাইজেশন অ্যান্ড এক্সপ্যানশন অব ইস্টার্ন রিফাইনারি ইন বাংলাদেশ' প্রকল্পে অর্থায়নের বিষয়ে বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং আইডিবির পক্ষে কান্ট্রি প্রোগ্রামসের ডিরেক্টর জেনারেল আনাসে আইসামি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।
ইআরডির তথ্য অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এই অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ ও আইডিবির মধ্যে বিদ্যমান উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশে আইডিবির সর্বোচ্চ বিনিয়োগ
ইআরডি জানিয়েছে, বাংলাদেশে একটি একক প্রকল্পে আইডিবির এটিই সবচেয়ে বড় বিনিয়োগ। প্রকল্পটি শেষ হলে দেশের প্রধান তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির বর্তমান ১৫ লাখ মেট্রিক টন বার্ষিক পরিশোধন ক্ষমতা বেড়ে ৪৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে।
সক্ষমতা বাড়ার ফলে দেশে পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ আরও বাড়বে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার হবে বলে আশা করছে সরকার। পাশাপাশি ইউরো-৫ মানের পরিবেশবান্ধব পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের সক্ষমতাও তৈরি হবে।
রিফাইনারির পরিশোধন সক্ষমতা তিনগুণ হলে বিদেশ থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রয়োজনও কমবে। এর ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় আরও স্থিতিশীলতা আসতে পারে।
আইডিবির সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশের গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় উন্নয়ন সহযোগীদের একটি হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি বাংলাদেশকে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দিয়ে আসছে। এর মধ্যে রয়েছে অনুদান, প্রকল্প ঋণ, বাণিজ্য অর্থায়ন, বেসরকারি খাতের অর্থায়ন এবং রপ্তানি ঋণ গ্যারান্টি।
অর্থায়ন চুক্তি স্বাক্ষরের পর আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে আইডিবির সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
সাক্ষাতে প্রধানমন্ত্রী সহজ শর্তে অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বাংলাদেশ ও আইডিবির মধ্যকার সহযোগিতা আরও গভীর করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়।
Comments