গাজার ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ জনের লাশ উদ্ধার
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির জেইতুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা কয়েক দিন ধরে অভিযান চালিয়ে এসব মরদেহ উদ্ধার করেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই মালকা পরিবারের সদস্য। প্রায় দুই বছর আগে হামলা ও সংঘাতের কারণে তারা ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন। পরে ভবনটিতে ইসরাইলি বাহিনীর হামলায় তারা নিহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, মালকা পরিবারের ৬০ জনের বেশি সদস্য দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। তাদের সন্ধানে টানা ৭২ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চালানো হয়। একপর্যায়ে ধ্বংসস্তূপের নিচ থেকে পরিবারের অধিকাংশ সদস্যের মরদেহ ও দেহাবশেষের সন্ধান পাওয়া যায়।
উদ্ধার করা মরদেহগুলোর সম্মিলিত জানাজা ও দাফনের আয়োজন আগামী সপ্তাহের শুরুতে করা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
Comments