বেলুচিস্তানে দুই হামলায় ২৫ পাকিস্তানি সেনা নিহত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুটি পৃথক হামলায় ২৫ পাকিস্তানি সামরিক সদস্য নিহত এবং তিনটি সামরিক যান ধ্বংস করার দাবি করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। গত বৃহস্পতিবার এই চাঞ্চল্যকর দাবি করে সশস্ত্র গোষ্ঠীটি।
'দ্য বেলুচিস্তান পোস্ট'-এর তথ্য অনুযায়ী, বিএলএ মুখপাত্র জানিয়েছেন যে তাদের যোদ্ধারা জিয়ারত ক্রসে একটি সামরিক কনভয়কে লক্ষ্য করে হামলা চালায়। এতে একটি সামরিক ট্রাকসহ দুটি গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। প্রথমে গোষ্ঠীটির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এই হামলায় ১৮ জন সেনা নিহত হয়েছে, যা পরবর্তীতে বেড়ে ২৫ জনে দাঁড়ায়।
বিএলএ তাদের অফিসিয়াল মিডিয়া চ্যানেল 'হাক্কাল'-এর মাধ্যমে ১ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ট্রেলার প্রকাশ করেছে। তাদের দাবি, এতে জিয়ারত ক্রসের হামলার দৃশ্য ধারণ করা হয়েছে। ভিডিওটিতে পুড়তে থাকা পাকিস্তানি সামরিক যানের পাশে সশস্ত্র যোদ্ধাদের উপস্থিতি, মরদেহের দৃশ্য এবং অস্ত্র জব্দ করার চিত্র দেখানো হয়েছে। পূর্ণাঙ্গ ভিডিওটি পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিএলএ।
সুরাবের হাজিকা এলাকায় অপর এক অভিযানে গোষ্ঠীটির স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড (STOS) বিস্ফোরকভর্তি একটি যানে দূরনিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়। এতে একটি সামরিক যান ধ্বংস হয় এবং ৭ জন সেনা নিহত হন বলে বিএলএ-র বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিএলএ-র এই দাবিগুলো তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক সময়ে এমন হামলার ঘনঘটা পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে ইসলামাবাদের জন্য বড় ধরনের সামরিক ও কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে।
বিএলএ-র বিশেষায়িত 'ফতেহ স্কোয়াড' সামরিক চৌকি ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে প্রায়ই উচ্চ-তীব্রতার হিট-অ্যান্ড-রান অ্যাম্বুশ পরিচালনা করে আসছে। এছাড়া, জিয়ারতের একই কৌশলগত ট্রানজিট পয়েন্টে মাত্র কয়েকদিনের ব্যবধানে পরপর তিনটি অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। এই পরিস্থিতির পর পাকিস্তানের প্রতিরক্ষা কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান চলছে।
Comments