সব নারীর জন্য ন্যায়বিচার নিশ্চিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শুধু আলোচিত মামলাগুলোই নয়, দেশের সব নারীর জন্য সমান বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নারীদের অর্থবহ ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের টেকসই উন্নয়ন অসম্ভব। তবে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ এখনো পুরোপুরি আশাব্যঞ্জক নয়, যা বাড়াতে হবে। এ ছাড়া নারীরা যেন বিদেশে আরও সম্মানজনক ও নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন, সে জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ দক্ষতা উন্নয়ন (স্কিল ডেভেলপমেন্ট) ও ভাষা প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে শামা ওবায়েদ বলেন, সাইবার অপরাধ ও অনলাইনে নারীর প্রতি সহিংসতা রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে।
Comments