প্রথম দিনে ১৮ হাজার গ্রাহকের ১,৩০০ কোটি টাকা তোলার আবেদন
সংকটাপন্ন ৫টি ব্যাংক একীভূত করে গঠিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক' থেকে আমানতের টাকা তোলার জন্য আবেদন নেওয়া শুরু হয়েছে। কার্যক্রমের প্রথম দিনেই (মঙ্গলবার) প্রায় ১৮ হাজার গ্রাহক তাঁদের আমানতের টাকা ফেরত চেয়ে আবেদন করেছেন। টাকা তুলতে ব্যাংকগুলোর বিভিন্ন শাখা ও উপশাখায় গ্রাহকদের ভিড় লক্ষ্য করা গেছে।
ব্যাংক সূত্র জানিয়েছে, প্রথম দিনে আবেদন করা গ্রাহকরা মোট ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন।
গ্রাহকদের জমা দেওয়া আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাঁদের পাওনা অর্থ পরিশোধ শুরু হওয়ার কথা রয়েছে।
নির্ধারিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় সশরীরে গিয়ে গ্রাহকদের এই আবেদন করতে হচ্ছে। যাচাইয়ের পর নিয়মানুযায়ী অর্থ পরিশোধ করা হবে। এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি সংকটাপন্ন ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা তাঁদের চলতি ও সঞ্চয়ী হিসাবের পাশাপাশি মেয়াদি আমানতের শুধু মূল টাকা উত্তোলনের সুযোগ পাচ্ছেন। তবে এই সুবিধার আওতায় কোনো মুনাফা দেওয়া হচ্ছে না। কোনো গ্রাহক তাঁর মূল টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতের হিসাবটিকে পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। হস্তান্তরকারী ব্যাংকের কাছে যদি সংশ্লিষ্ট গ্রাহকের কোনো ধরনের ঋণ বা দায় থাকে, তবে টাকা ফেরতের আগেই তা আমানতের অর্থ থেকে সমন্বয় করা হবে। যেসব গ্রাহক এখনই আমানত তুলবেন না এবং হিসাব চালু রাখবেন, তাঁরা চুক্তি অনুযায়ী যথারীতি মুনাফা পাওয়ার সুযোগ পাবেন। তবে মেয়াদি আমানত মেয়াদপূর্তির আগে ভাঙলে কেবল মূল টাকা মিলবে, কোনো মুনাফা দেওয়া হবে না। এছাড়া আংশিক টাকা তুললে অবশিষ্ট অর্থের ওপর নিয়ম অনুযায়ী মুনাফা চালু থাকবে।
Comments