সীমান্ত চোরাচালান নিয়ন্ত্রণে ডিজিটাল পদ্ধতি চালুর প্রস্তুতি চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আধুনিকায়নের পাশাপাশি ডিজিটাল পদ্ধতির আওতায় আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে বিজিবির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে বিজিবিকে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা হচ্ছে। এর ফলে অচিরেই সীমান্ত দিয়ে চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে কমে আসবে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে বর্তমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনকে আরও কঠোর ও যুগোপযোগী করা হচ্ছে বলে জানান তিনি।
দেশে 'মব কালচার' বা বিশৃঙ্খলার অপসংস্কৃতি রোধে সরকার অত্যন্ত সজাগ রয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার ইতোমধ্যে অনেকাংশেই মব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
এর আগে দুপুরে বিজিবির সিলেট সেক্টর কার্যালয়ে 'সীমান্ত স্কুল অব ওয়েলফেয়ার অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার'-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং একটি স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে একটি বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। এছাড়া বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ।
Comments