যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা, সরবে কারওয়ান বাজারের কিচেন মার্কেট
রাজধানীর যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সাতটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্তও রয়েছে।
শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে রাজধানীর যানজট পরিস্থিতি ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এসব সিদ্ধান্তের কথা জানান।
বৈঠকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং সুবিধা এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টোল আদায়কে দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি এ ব্যবস্থাপনার জন্য একটি অ্যাপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। আগামী চার মাসের মধ্যে অ্যাপটি প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসড়ক এলাকায় দীর্ঘদিন ধরে চলা যানজট নিরসনেও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আগে যে প্রতিবেদন তৈরি করেছিল, সেটি পর্যালোচনা করে নতুন সুপারিশ দিতে বলা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে বুয়েট। পরে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে তা বাস্তবায়ন করা হবে।
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
স্থায়ী টার্মিনাল নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় আপাতত কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প এলাকায় ১৫ একর জমিতে অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হবে। আগামী চার মাসের মধ্যে এটি নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে রাজধানীর কেন্দ্রীয় এলাকায় আন্তজেলা বাস ও অন্যান্য যানবাহনের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
এদিকে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এর ফলে টার্মিনালের ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
কারওয়ান বাজারের কিচেন মার্কেটও গাবতলীতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সচিবালয় এলাকার যানজট কমাতে পার্কিং সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। এর অংশ হিসেবে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিং সুবিধা তৈরির সম্ভাবনা যাচাই করা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও বিকল্প পার্কিংয়ের জায়গা খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্যে আনতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে অনুমোদন ছাড়া চলাচলকারী ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশ, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। রাজধানীর যানজট কমাতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
Comments