সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করছে: জামায়াত সেক্রেটারি জেনারেল
সরকার সব ক্ষেত্রে দলীয়করণ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ ও পৌরসভাসহ বিভিন্ন স্তরে এই দলীয়করণ করা হচ্ছে, যা পুরোপুরি 'অসাংবিধানিক'।
শুক্রবার (২৮ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারস্থ মহিলা মাদ্রাসা মাঠে উপজেলা জামায়াতের ইউনিট সভাপতিদের সম্মেলন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে যদি কোনো দলীয় সরকার না থাকত, তবে প্রশাসক নিয়োগ বৈধ হতে পারত। কিন্তু বর্তমানে দলীয় সরকার থাকার পরও এ ধরনের নিয়োগ গ্রহণযোগ্য নয়। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দিলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি সরকারের দিকে ইঙ্গিত করে জামায়াত সেক্রেটারি বলেন, ক্ষমতায় আসার পর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জুলাই সনদ বাস্তবায়ন থেকে দূরে সরে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, নির্বাচিত সরকারের ১৮০ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের কথা ছিল। আগামী সেপ্টেম্বরে সরকারের সেই ১৮০ দিন পূর্ণ হতে যাচ্ছে।
সরকারকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "আমরা আশা করব, সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধিবেশন ডেকে তা কার্যকর করবে। অন্যথায়, দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের পথে যাব।"
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, এক মন্ত্রী সব মন্ত্রণালয় নিয়ে কথা বললেও এবং জাতীয় সংসদের বিরোধী দলকে ছোট করে বক্তব্য দিলেও তাঁর নিজের মন্ত্রণালয়ের অধীনে থাকা অবনতিশীল আইনশৃঙ্খলার দিকে কোনো খেয়াল নেই।
দেশে দৃশ্যমান কোনো উন্নয়ন নেই দাবি করে তিনি বলেন, সব জায়গায় কেবল সরকারদলীয় লোকজনের মারামারি দেখা যাচ্ছে এবং উন্নয়ন কার্যক্রমে বৈষম্য চলছে। বিরোধীদলীয় সংসদ সদস্যদের এলাকায় সুষম বরাদ্দ দেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বিরোধীদলীয় সংসদ সদস্যদের পাশ কাটিয়ে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের এলাকার উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়া হচ্ছে, যা তাঁদের খাটো করার শামিল। জামায়াত নেতা রসিকতা করে বলেন, সরকারের যদি এতই সদিচ্ছা থাকে, তবে সরকারদলীয় সংসদ সদস্যদের এলাকায় তাঁদের দলের নারী সংসদ সদস্যদের তদারকির দায়িত্ব দেওয়া হোক।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানসহ স্থানীয় ও কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Comments