এখন আর জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়াও নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তিনি আর জামিন চান না এবং তার জামিন আবেদন প্রত্যাহার করতে চান। দীর্ঘ দুই বছর কারাবন্দি থাকা এবং সম্প্রতি স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুর গভীর শোকের কথা উল্লেখ করে তিনি এই কথা বলেন।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় হাজির করা হলে তিনি নিজ মুখে এই কথা জানান। আজ তার জামিন শুনানির দিন ধার্য ছিল।
আদালতে কথা বলার অনুমতি নিয়ে কাঠগড়ার মাইক্রোফোনে দীপু মনি আবেগঘন কন্ঠে বলেন, 'এর আগে জামিন আবেদন শুনানির সময় ট্রাইব্যুনাল বলেছিলেন, বাসায় গিয়ে কী করবেন? এখন আমার আর বাসায় যাওয়ার দরকার নেই।'
তিনি আরও জানান, তার স্বামী তৌফিক নেওয়াজ গত সাত বছর ধরে শয্যাশায়ী ও বাকশক্তিহীন ছিলেন। গত ১৯ আগস্ট রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ২০ আগস্ট প্যারোলে মুক্ত হয়ে তিনি স্বামীকে শেষবিদায় জানাতে গিয়েছিলেন।
স্বামী হারানোর বেদনা প্রকাশ করে সাবেক এই মন্ত্রী বলেন, '৩৯ বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে তার কাছে থাকতে পারিনি। এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে। আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চাইলেও আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই।'
দীপু মনির বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল জানান যে তারা এতে খুবই ব্যথিত এবং তার এই অনুভূতির যৌক্তিকতা রয়েছে। তবে আদালতকে আইনি নানা বিষয় বিবেচনা করতে হয় বলে উল্লেখ করা হয়।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী) আগামী ১৭ সেপ্টেম্বর এই মামলার জামিন শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন।
Comments