‘হেয়ারকাট’ বাতিল: ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন গ্রাহকেরা
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের জমার ওপর আর কোনো ধরনের 'হেয়ারকাট' বা অর্থ কর্তন থাকছে না। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি শ্রেণির আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী তাঁদের আমানতের মূল অর্থ তুলতে পারবেন।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার সাক্ষাৎ করলে এ নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, মো. কবির আহমাদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে গভর্নর বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আগেই ঘোষণা দিয়েছিলেন যে আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের 'হেয়ারকাট' থাকবে না। তবে এ বিষয়ে গ্রাহকদের মধ্যে কিছু অস্পষ্টতা রয়ে গেছে। তাই সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে হবে যে তাঁদের মুনাফার ওপর কোনো হেয়ারকাট বা কর্তন করা হবে না।
গত বছরের ২৯ ডিসেম্বরের ঘোষিত স্কিম অনুযায়ী ইতিমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, আন্তর্জাতিক রীতি মেনে চলার কথা বলে চলতি বছরের ১৪ জানুয়ারি একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতের ওপর হেয়ারকাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সে সময় প্রশাসককে দেওয়া চিঠিতে জানানো হয়েছিল যে, আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের স্থিতির ওপর কোনো মুনাফা পাবেন না। এর ফলে আমানতকারীদের একটি অংশ কেটে রাখা বা হেয়ারকাট কার্যকর করা হয়েছিল, যা নিয়ে শুরু থেকেই গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ ও প্রতিবাদ ছিল। শেষমেশ আমানতকারীদের প্রতিবাদের মুখে আজ এই নিয়ম পুরোপুরি প্রত্যাহার করা হলো।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে গঠিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি' বর্তমানে দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীদের জন্য ব্যাংকটির স্বাভাবিক লেনদেনের পরিধি আরও অনেক বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
Comments