পে-স্কেল নিয়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও জটিল হবে: সিপিডি
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বা পে-স্কেল চূড়ান্ত করতে বর্তমান সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত রাজনৈতিক সাহস বা উদ্যোগের ঘাটতি রয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, এ বিষয়টি নিয়ে দীর্ঘসূত্রিতা অব্যাহত রাখলে অর্থনৈতিক সংকট কমার পরিবর্তে তা আরও ঘনীভূত ও জটিল আকার ধারণ করবে।
ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত 'সরকারের ছয় মাসের কার্যক্রমের ওপর মূল্যায়ন' শীর্ষক মিডিয়া সংলাপে পে-স্কেল নিয়ে সরকারের বিলম্বের সমালোচনা করা হয়। সংস্থাটি জানায়, বিষয়টিকে ঝুলিয়ে রাখলে সরকারের অন্যান্য প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রমও বড় ধরনের বিঘ্নিত হবে।
চলতি অর্থবছরের ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা থেকে বড় অংকের ঘাটতির শঙ্কা রয়েছে, যা বেতন-ভাতা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় একটি আর্থিক সীমাবদ্ধতা হিসেবে কাজ করছে।
সিপিডির পক্ষ থেকে বলা হয়েছে, বড় পরিসরে সিদ্ধান্ত নিতে দেরি না করে শুরুতেই ২০ থেকে ২৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করে কিছুটা সময় চেয়ে নিলে পরিস্থিতির এত অবনতি হতো না।
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত দেশের প্রধান তিনটি শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে এবং এর ফলে ৬১ হাজারের বেশি শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন বলে জানানো হয়।
Comments