বিহারে গঙ্গার পানি বৃদ্ধি: ফারাক্কার সব গেট খুলে দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর
ভারতের বিহারে গঙ্গার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এবং বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তাঁর দাবি, ব্যারাজের সমস্ত গেট খুলে দিলে গঙ্গার পানিপ্রবাহ স্বাভাবিক হবে এবং বিহারের নিচু এলাকার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য মিলবে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দেওয়ার অনুরোধ জানান বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। পরবর্তীতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। বিহারের বিভিন্ন এলাকায় গঙ্গার পানি বিপৎসীমা অতিক্রম করায় বিশেষ করে নিচু অঞ্চলগুলোতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলায়, চুক্তি নবায়নের আগে বিহারের স্বার্থ (পানি, সেচ ও বন্যা ব্যবস্থাপনা) গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার দাবি তুলেছেন রাজ্যটির রাজনৈতিক নেতারা।
Comments