হরমুজ দখলের দাবিতে ট্রাম্প, ক্যালিফোর্নিয়া নিয়ে ইরানের জবাব
হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া একটি মানচিত্র ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ট্রাম্পের ওই পোস্টের জবাবে ক্যালিফোর্নিয়াকে ইরানের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে পাল্টা বার্তা দিয়েছে তেহরান।
গত মঙ্গলবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ হরমুজ প্রণালির একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে গুরুত্বপূর্ণ এই জলপথটি নীল রঙে চিহ্নিত করে লেখা হয়—'NEW US Territory' বা 'নতুন মার্কিন ভূখণ্ড'।
এর আগে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধের অবসানের পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার বিষয়টি বিবেচনা করা হতে পারে। পরে হোয়াইট হাউজও সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পোস্টটি শেয়ার করে।
ট্রাম্পের এমন অবস্থানের পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরানের সরকারি 'ইরান ইন হায়দরাবাদ' অ্যাকাউন্ট। তারা যুক্তরাষ্ট্রের একটি মানচিত্র প্রকাশ করে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে নীল রঙে চিহ্নিত করে। মানচিত্রে লেখা হয়—'NEW TERRITORY OF ISLAMIC REPUBLIC OF IRAN', অর্থাৎ 'ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড'।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদিও ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন।
তিনি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের ধারণা খুব শিগগিরই সংশোধন হবে। সেটি না হলে ইরানই ওই ধারণা সংশোধনের ব্যবস্থা করবে বলে মন্তব্য করেন তিনি।
ক্যালিফোর্নিয়াকে পাল্টা মানচিত্রে তুলে ধরার পেছনে ইরানি-আমেরিকান জনগোষ্ঠীর উপস্থিতিও একটি গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে লস অ্যাঞ্জেলেস এলাকায় যুক্তরাষ্ট্রের বাইরে ইরানি বংশোদ্ভূত মানুষের অন্যতম বড় সম্প্রদায়ের বসবাস।
ইউসিএলএর সেন্টার ফর নিয়ার ইস্টার্ন স্টাডিজের তথ্য অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে প্রায় ১ লাখ ৪১ হাজার ইরানি-আমেরিকান বসবাস করেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ইরানি অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ে।
লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টউড এলাকায় বিপুলসংখ্যক ইরানি ও ইরানি বংশোদ্ভূত মানুষের বসবাসের কারণে এলাকাটি অনানুষ্ঠানিকভাবে 'তেহরাঞ্জেলেস' নামেও পরিচিত।
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের মন্তব্য এবং ইরানের পাল্টা মানচিত্র প্রকাশের ঘটনায় দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে নতুন করে বাকযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
Comments