‘ইরানি’ সাইবার হামলার শিকার যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র
সাইবার হামলার প্রভাব এখন শুধু কম্পিউটার বা অনলাইন প্ল্যাটফর্মে সীমাবদ্ধ নেই। এরই নতুন উদাহরণ পাওয়া গেল যুক্তরাজ্যে। ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের হামলার পর দেশটির একটি ছোট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র টানা চার দিন বন্ধ রাখতে হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দ্য টেলিগ্রাফের বরাতে বিবিসি জানায়, গত জুলাইয়ে ওই সাইবার হামলার ঘটনা ঘটে।
নিরাপত্তাজনিত কারণে আক্রান্ত বিদ্যুৎকেন্দ্রটির নাম ও অবস্থান প্রকাশ করেনি ব্রিটিশ সরকার। দেশটির ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি)ও হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি।
তবে সরকারি কর্মকর্তারা স্পষ্ট করেছেন, ঘটনাটি কোনো বড় বিদ্যুৎকেন্দ্র বা জরুরি সেবার অবকাঠামোকে লক্ষ্য করে হয়নি। জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও এর কোনো প্রভাব পড়েনি।
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, হামলার পর ছোট ওই উৎপাদনকেন্দ্রটি চার দিন কার্যক্রমের বাইরে ছিল। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর এনার্জি সিকিউরিটি অ্যান্ড নেট জিরো (ডিইএসএনজেড) বলেছে, ঘটনার প্রভাব একটি নির্দিষ্ট ছোট উৎপাদনকেন্দ্রের মধ্যেই সীমিত ছিল। দেশের সামগ্রিক বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার জন্য কোনো পর্যায়েই বড় ধরনের ঝুঁকি তৈরি হয়নি।
যুক্তরাজ্যের বিদ্যুৎ ব্যবস্থায় এমন বেশ কিছু ছোট গ্যাসচালিত কেন্দ্র রয়েছে, যেগুলো সাধারণত বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেলে স্বল্প সময়ের জন্য সরবরাহে যুক্ত হয়।
হামলার ঘটনা জানার পর বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সম্ভাব্য সাইবার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে ডিইএসএনজেড। বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে ব্রিটিশ সরকার।
এ পরিস্থিতিতে দেশটির সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিধিবিধান আরও শক্তিশালী ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চলতি বছরের শেষ নাগাদ জ্বালানি খাতের স্থিতিস্থাপকতা বাড়াতে নতুন একটি কৌশল প্রণয়নের পরিকল্পনাও রয়েছে।
ইরানকে বিশ্বের অন্যতম সক্ষম সাইবার শক্তি হিসেবে বিবেচনা করে পশ্চিমা দেশগুলো। চলতি বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর ইরান সরাসরি কিংবা তাদের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের মাধ্যমে পশ্চিমা অবকাঠামোতে সাইবার হামলা চালাতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছিল।
যদিও এখন পর্যন্ত এ ধরনের হামলার ঘটনা তুলনামূলকভাবে সীমিত। তবে যুক্তরাজ্যের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে সাম্প্রতিক হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
Comments