পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯
পাকিস্তানের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকটি অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে ৪৯ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
শুক্রবার (২১ আগস্ট) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক অভিযানে ১২ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পরিচালিত অভিযানে নিহত হয়েছে আরও ৩৭ জন।
সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে 'ফিতনা আল-খাওয়ারিজ' এবং 'ফিতনা আল-হিন্দুস্তান'-এর সদস্যরা রয়েছে। পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বোঝাতে যথাক্রমে এসব নাম ব্যবহার করে।
ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আফগানিস্তানে অবস্থানরত নিরাপদ আশ্রয়স্থল থেকে পাকিস্তানে হামলা চালায়। একই সঙ্গে বেলুচ সশস্ত্র গোষ্ঠীগুলো ভারত থেকে সহায়তা পায় বলেও অভিযোগ করে পাকিস্তান। তবে আফগানিস্তান ও ভারত—দুই দেশই এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
টিটিপি আফগান তালেবান থেকে আলাদা একটি সংগঠন হলেও দুই পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন সময় উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সহিংসতার ঘটনা বেড়েছে। এসব হামলার বড় একটি অংশের জন্য টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে দেশটির কর্তৃপক্ষ।
পাকিস্তানের আয়তনে সবচেয়ে বড় এবং জনসংখ্যার দিক থেকে সবচেয়ে কম জনবহুল প্রদেশ বেলুচিস্তান দীর্ঘদিন ধরে বেলুচ জাতীয়তাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিদ্রোহের কেন্দ্র। এসব গোষ্ঠী কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অধিক স্বায়ত্তশাসন কিংবা স্বাধীনতার দাবি জানিয়ে আসছে।
আফগানিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা বেলুচিস্তানে টিটিপির পাশাপাশি ইসলামিক স্টেট (আইএস)-এর মতো সশস্ত্র গোষ্ঠীর তৎপরতাও বিভিন্ন সময়ে দেখা গেছে।
Comments